নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক, ১৩ই মে ২০২৬ঃ- শিলিগুড়ি: শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার পরিবহণ নগরে বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচ সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাঁচ তরুণের নাম হল, জয় বিশ্বাস (আলম বস্তি), মোহাম্মদ টুকু (শিমুলতলা), মোহাম্মদ বিলাল (বিশ্বাস কলোনী), অভিষেক থাপা (বিশ্বাস কলোনী) এবং সোনু সুব্বা (তিনধারিয়া)
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর আসে যে একদল সশস্ত্র যুবক পরিবহণ নগর এলাকায় কোনও বড় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে জড়ো হয়েছে। খবর পাওয়ামাত্রই মাটিগাড়া থানার একটি বিশেষ দল সেখানে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও পাঁচজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের তল্লাশি চালিয়ে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে মাটিগাড়া থানার পুলিশ। বুধবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
শিলিগুড়িতে আত্মগোপন কেরলের
‘ড্রাগ লর্ড’দের! ভক্তিনগর পুলিশের সাহায্যে পাকড়াও ২ পাচারকারী
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক, ১৩ই মে ২০২৬ঃ- শিলিগুড়ি: মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল কেরল পুলিশ। কেরল থেকে পালিয়ে এসে শিলিগুড়িতে লুকিয়ে থাকা দুই কুখ্যাত মাদক পাচারকারীকে ভক্তিনগর থানার পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম হিরণ কে.কে. এবং অরোমল কে.। দুজনেই কেরলের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, কেরলের মালাপ্পুরম জেলার পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গোপন সূত্রে জানতে পারে যে, তাদের ওয়ান্টেড তালিকার দুই অভিযুক্ত রাজস্থান হয়ে বর্তমানে উত্তরবঙ্গের শিলিগুড়িতে আত্মগোপন করে রয়েছে। এই তথ্যের ভিত্তিতে কেরল পুলিশ শিলিগুড়িতে পৌঁছে ভক্তিনগর থানার সঙ্গে যোগাযোগ করে। স্থানীয় পুলিশের সক্রিয় সহযোগিতায় কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের ডেরা খুঁজে বের করে তাদের হাতে হাতকড়া পরানো হয়।
কেরল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা একটি বড়সড় মাদক পাচার চক্রের মূল পান্ডা। কয়েকদিন আগেই কেরলে অভিযান চালিয়ে কোটি কোটি টাকার মাদক তৈরির সামগ্রী উদ্ধার হয়েছিল। সেই মামলাতেই অভিযুক্তরা ফেরার ছিল। তাদের ধরতে বিশেষ এসআইটি গঠন করা হয়েছিল, যারা দীর্ঘদিন ধরেই এই দুই অভিযুক্তের গতিবিধির ওপর নজর রাখছিল।
ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কেরলে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে মালাপ্পুরম পুলিশ। শিলিগুড়িতে তাদের আরও কোনও সহযোগী রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
