অপহরণ ও মাদকসহ ৬ মামলার মূল পাণ্ডা গ্রেপ্তার বালুরঘাটে
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক, ১৯শে মে ২০২৬ঃ- তপন: দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানো তপন থানার ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী কার্তিক সরকার ওরফে ‘ভোলা’ অবশেষে ধরা পড়ল। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের পিডাব্লিউডি অফিসের সামনে থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করল তপন থানার পুলিশ। ধৃত ভোলার বিরুদ্ধে অপহরণ, মাদক পাচার এবং মারপিটসহ মোট ছয়টি গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। তাকে ধরতে দীর্ঘদিন ধরেই জাল বিছিয়েছিল পুলিশ প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে তপন ও সংলগ্ন এলাকায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে ভোলার নাম জড়িয়েছিল। বিশেষ করে ২০২১ সালে তপন ব্লকের করদহ হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে অসীম প্রামাণিক নামে এক ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে অপহরণের ঘটনায় মূল চক্রী ছিল এই ভোলা। ব্যবসায়ীকে অপহরণ করে মালদা জেলার কালিয়াচকে নিয়ে গিয়ে মোটা টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। সেই সময় তপন থানার পুলিশ কালিয়াচকে ঝটিকা অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করলেও ভোলা চম্পট দেয়। এরপর থেকেই সে পুলিশের চোখ এড়াতে ক্রমাগত ডেরা বদল করে আত্মগোপন করেছিল।
মঙ্গলবার বালুরঘাটে পিডাব্লিউডি অফিসের সামনে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন ওত পেতে থাকা পুলিশ আধিকারিকরা। পুলিশের চোখ এড়াতে ওই ব্যক্তি মাথায় টুপি এবং মুখে মাস্ক পরে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করেছিল। কিন্তু গোপন সূত্রের তথ্যের সাথে তার হুলিয়া মিলিয়ে নিতেই সন্দেহ দূর হয় পুলিশের। এরপরই তাকে ঘিরে ফেলে আটক করা হয়। মাস্ক খুলতেই পুলিশ নিশ্চিত হয় যে সে আর কেউ নয়, স্বয়ং পলাতক কার্তিক ওরফে ভোলা। তার বিরুদ্ধে আগেই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মঙ্গলবার বালুরঘাটে কোনও সরকারি কাজের তদ্বির করতে এসেছিল ভোলা। তপন থানার আইসি জনমারি ভিয়ান্নে লেপচা জানান, “গোপন সূত্রে খবর পেয়ে নিখুঁত অভিযান চালিয়ে এই দাগী অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই সে পলাতক ছিল। বুধবার তাকে জেলা আদালতে তোলা হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।” দীর্ঘদিন পর এই কুখ্যাত অপরাধী গ্রেপ্তার হওয়ায় তপন ও করদহ এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
