মালে কার্যত রণক্ষেত্র বিজেপির কার্যালয়! ভাঙচুর ও অগ্নিসংযোগ

 শুক্রা মুন্ডাকে প্রার্থী মানতে নারাজ কর্মীরা

অগ্নিসংযোগ ও তাণ্ডব দলীয় কার্যালয়ে

১৯শে  মার্চ,২০২৬ :-নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক,মালবাজার :- বিজেপির প্রার্থী তালিকা সামনে আসতেই মাল শহরের বিজেপি কার্যালয়ের টিনের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন কয়েকশ বিক্ষুব্ধ কর্মী। অভিযোগ, তাঁরা কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং দেওয়ালে থাকা বিজেপির সমস্ত পোস্টার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলেন। এরপর সেই ছেঁড়া পোস্টারগুলো জাতীয় সড়কের ধারে স্তূপ করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয় আবেগ বনাম বহিরাগত প্রার্থী 

বিক্ষুব্ধ বিজেপি নেতা পিলাতুস ওরাওঁ এবং অনিল ওরাওঁদের স্পষ্ট অভিযোগ, মাল বিধানসভায় দলের অনেক যোগ্য ও লড়াই করা ভূমিপুত্র নেতা ছিলেন। তাঁদের উপেক্ষা করে কেন ওপর থেকে অন্য প্রার্থী চাপিয়ে দেওয়া হলো, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে এই প্রার্থী বদল করতে হবে, না হলে দলের কর্মীরা নির্বাচনী প্রচারে নামবেন না।

তৎক্ষণাৎ পদক্ষেপ প্রশাসনের

খবর পেয়েই মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছান বিজেপির টাউন মণ্ডল সভাপতি নবীন সাহা এবং জেলা কমিটির সদস্য মঙ্গল ওরাওঁ-ও। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর আগে আলিপুরদুয়ারেও জেলা বিজেপি কার্যালয়ে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ করা হয়। সেখানেও পছন্দের প্রার্থী না পেয়ে দলীয় কর্মীদের ক্ষোভ আছড়ে পড়ে। একের পর এক জেলায় এই অসন্তোষ উত্তরবঙ্গে বিজেপির নির্বাচনি প্রস্তুতিতে বড় কাঁটা হয়ে দাঁড়াল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।”

২০২৬ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হতেই জলপাইগুড়ির মাল বিধানসভা কেন্দ্রে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল ভারতীয় জনতা পার্টি । বৃহস্পতিবার প্রার্থী হিসেবে শুক্রা মুন্ডার নাম ঘোষণা হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ক্ষুব্ধ কর্মীরা মাল শহরের গুরজং ঝোড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও আধাসামরিক বাহিনী মোতায়েন করতে হয়েছে।