নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক | , ৩ রা ম ২০২৬ঃশিলিগুড়ি: বৃষ্টির রাতে পিচ্ছিল রাস্তায় ট্রাক চালাতে গিয়ে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের ওপর উঠে গেল আস্ত একটি ট্রাক। শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায়।
জানা গিয়েছে, এদিন রাতে একটি পণ্যবাহী ট্রাক ইস্টার্ন বাইপাস ধরে যাচ্ছিল। সেই সময় হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার মাঝখানে থাকা ডিভাইডারের ওপর উঠে যায়। ট্রাকের সামনের চাকা দুটি ডিভাইডার টপকে ওপরে আটকে যায়। ঘটনার ভয়াবহতায় আশপাশের মানুষজন ছুটে আসেন।
দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পর পর্যন্ত দেখা যায়, চালক ট্রাকের ভেতরেই বসে রয়েছেন। বৃষ্টির কারণে উদ্ধারকাজেও কিছুটা সমস্যা হয়। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, চালক সুরক্ষিত রয়েছেন এবং কোনো বড়সড় প্রাণহানির খবর মেলেনি। ট্রাকটিকে ডিভাইডার থেকে নামানোর চেষ্টা চালানো হচ্ছে।
বালুরঘাটে নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্যমৃত্যু, পিটিয়ে খুনের অভিযোগে রণক্ষেত্র এলাকা
বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মৃত যুবকের নাম ইসরাফুল হক (২৬)। পরিবারের অভিযোগ, ওই নেশামুক্তি কেন্দ্রের ভেতরে তাকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং ক্ষোভে শুক্রবার বিকেলে ওই কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালান হয়।
মৃত ইসরাফুল হক উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, নেশার হাত থেকে তাকে মুক্তি দিতে গত ২৭ এপ্রিল বালুরঘাটের ওই বেসরকারি কেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। পরিবারের আশা ছিল, সুস্থ হয়ে ঘরে ফিরবেন ইসরাফুল। কিন্তু সেই আশা বদলে গেল বিভীষিকায়।
শুক্রবার সকালে ওই কেন্দ্র থেকে পরিবারকে ফোন করে জানানো হয় যে, ইসরাফুল অসুস্থ এবং তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দাবি করা হয়, তিনি হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়েছেন। খবর পেয়ে চোপড়া থেকে পরিবার বালুরঘাটে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যুর খবর আসে।
পরিবারের চাঞ্চল্যকর অভিযোগ, মৃতদেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় গুরুতর চোটের দাগ এবং কান দিয়ে রক্ত বেরোতে দেখা গিয়েছে। পরিবারের দাবি, এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু বা হার্ট অ্যাটাক নয়, বরং শারীরিক নির্যাতনের জেরে এই মৃত্যু।
মৃত্যুর খবর জানাজানি হতেই উত্তেজিত জনতা ওই নেশামুক্তি কেন্দ্রে চড়াও হয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনায় সেখানে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক রোগীই ভয়ে কেন্দ্র ছেড়ে পালিয়ে যান বলে জানা গিয়েছে। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। শনিবার দুপুরে ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। নিহতের পরিবার ইতিমধ্যেই বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু করেছে। তাঁদের দাবি, দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
‘৪ মে গেরুয়াময় হবে বাংলা’, মালদায় হাইভোল্টেজ বৈঠকের পর হুঙ্কার খগেন মুর্মুর
মালদাঃ ‘আগামী ৪ মে সারা বাংলা গেরুয়াময় হবে।’ ভোট গণনার পূর্বে শুক্রবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে ভোট গণনা সংক্রান্ত এক সাংগঠনিক বৈঠক শেষে এমনটাই দাবি করলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু।
বিজেপির পক্ষ থেকে এদিন এই বৈঠক করা হয় পুরাতন মালদার এক বেসরকারি হোটেলে। বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্রনাথ যাদব, বিজেপির পশ্চিমবঙ্গের অবজারভার সুনীল বনশাল, মঙ্গল পান্ডে, বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ মালদা বিভাগের অন্তর্গত মোট ২৮টি বিধানসভার বিজেপির প্রার্থী ও দলীয় নেতৃত্বরা। বৈঠকে ভোট গণনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়।
বৈঠক শেষে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “আগামী ৪ঠা মে সারা বাংলা গেরুয়াময় হবে। নির্বাচনে ভালো কাজের জন্য আজ কেন্দ্রীয় নেতৃত্ব মালদা বিভাগের কার্যকর্তাদের ধন্যবাদ জানাতে এসেছিলেন। ধন্যবাদ জানিয়ে কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন।”
