১৮ই মার্চ,২০২৬ :-নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক, শিলিগুড়ি:
শিলিগুড়ির রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়াল প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা বর্তমান শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘোষণায়। তিনি জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, গৌতম দেব শিলিগুড়িরই বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে এই এলাকার রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৮৮ সালে তিনি কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবনের সূচনা করেন। পরবর্তীকালে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে শিলিগুড়ির মেয়র পদে রয়েছেন।
গতকাল একটি সাংবাদিক বৈঠকে গৌতম দেব বলেন, “আমি এই শিলিগুড়ির সিট থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করব এবং জিতব। মানুষ যদি আমাকে জেতায়, তাহলে আমি আরও বেশি করে মানুষের জন্য কাজ করতে পারব।”
তার এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আগামী দিনে শিলিগুড়ির রাজনৈতিক লড়াই যে আরও জমে উঠবে, তা বলাই বাহুল্য।
তৃণমূল কংগ্রেসের বহু প্রতীক্ষিত প্রার্থী তালিকা ঘোষণা হতেই উত্তরবঙ্গের রাজনীতিতে বইছে নতুন হাওয়া। সব জল্পনার অবসান ঘটিয়ে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে এবার ঘাসফুল শিবিরের প্রার্থী হচ্ছেন অভিজ্ঞ নেতা তথা শিলিগুড়ি পুরনিগমের বর্তমান মেয়র গৌতম দেব। গত বিধানসভা নির্বাচনে হারলেও, নিজের চেনা মেজাজে ফিরতে এবং হারানো জমি পুনরুদ্ধার করতে দল আবার তাঁর ওপরেই আস্থা রাখল। গৌতম দেবের মতো ওজনদার প্রার্থী শিলিগুড়ির লড়াইকে যে অন্য মাত্রা দেবে, তা বলাই বাহুল্য।মাটিগাড়া-নকশালবাড়ি থেকে প্রার্থী শঙ্কর মালাকার। শিলিগুড়িতে প্রার্থী হলেন গৌতম দেব। ফাঁসিদেওয়ায় রিনা টোপ্পো এক্কা, চোপড়ায় হামিদুল রহমান, ইসলামপুরে কানাইলাল আগরওয়াল, গোয়ালপোখরে মহম্মদ গোলাম রব্বানি, চাকুলিয়ায় মিনাজুল আরফিন আজ়াদ, করণদিঘিতে গৌতম পাল, হেমতাবাদে সত্যজিৎ বর্মণ, কালিয়াগঞ্জে নিতাই বৈশ্য, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, ইটাহারে মুশারফ হোসেন, কুশমন্ডিতে রেখা রায়কে প্রার্থী করেছে তৃণমূল।কালচিনিতে প্রার্থী বীরেন্দ্র বরা, আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলাল, ফালাকাটায় সুভাষচন্দ্র রায়, মাদারিহাটে জয়প্রকাশ টোপ্পো, ধূপগুড়িতে নির্মল রায়, ময়নাগুড়িতে রামমোহন রায়, জলপাইগুড়িতে কৃষ্ণ দাস, রাজগঞ্জে স্বপ্না বর্মণ, ডাবগ্রাম-ফুলবাড়ি রঞ্জন শীল শর্মা, মালে বুলুচিক বরাইক, নাগরাকাটায় সঞ্জয় কুজুর প্রার্থী হয়েছেন। মেখলিগঞ্জে প্রার্থী হয়েছেন পরেশচন্দ্র অধিকারী, মাথাভাঙা সাবলু বর্মণ, কোচবিহার উত্তরে পার্থ রায়, কোচবিহার দক্ষিণে অভিজিৎ দে ভৌমিক, শীতলকুচিতে হরিহর দাস, সিতাই সঙ্গীতা রায় বাসুনিয়া, দিনহাটায় প্রার্থী হলেন উদয়ন গুহ। এ ছাড়া নাটাবাড়িতে শৈলেন বর্মা, তুফানগঞ্জে শিবশঙ্কর পাল, কুমারগঞ্জে রাজীব তিরকেকে টিকিট দিল তৃণমূল।
তবে এবারের তালিকায় সবথেকে বড় চমক ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র নিয়ে। এই হাই-ভোল্টেজ কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে টিকিট পেয়েছেন রঞ্জনশীল শর্মা। দীর্ঘদিনের রাজনীতির ময়দানে থাকা রঞ্জনকে এই কঠিন লড়াইয়ে শামিল করে দল এক মাস্টারস্ট্রোক দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিজেপি-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় রঞ্জনশীল শর্মার নাম ঘোষণা হওয়ায় ডাবগ্রাম-ফুলবাড়ির লড়াই এখন রীতিমতো টক্কর দেবে গোটা জেলাকে। টিকিট পাওয়ার পরেই প্রার্থীরা কোমর বেঁধে ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছেন। শিলিগুড়ি ও সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়িতে জয়ের লক্ষ্যে এখন থেকেই ছক কষতে শুরু করেছে ঘাসফুল শিবির।
