কালবৈশাখীর দাপট শেষের পথে, রাজ্যে বাড়ছে তাপমাত্রা
১১ এপ্রিল ২০২৬ ,নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক: কলকাতা:- আগামী পাঁচ দিনে ৫–৭ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে পারদ, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম ,টানা কয়েকদিনের কালবৈশাখীর দাপটের পর এবার রাজ্যে ফের গরমের দাপট বাড়তে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ফলে অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আজ কলকাতা-র সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৫ ডিগ্রির কাছাকাছি। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। যদিও বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গে এখনও বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। ওপরের পাঁচ জেলায় বজ্রপাত-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুই পাহাড়ি জেলা এবং কালিম্পঙ-এ এই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকাল ও পরশুও উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এরপর ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি-তে এই সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।
দক্ষিণবঙ্গে ১২ এপ্রিল ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রপাত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৩ এপ্রিল এই তালিকায় যুক্ত হবে বাঁকুড়া ও বীরভূম।
তবে ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে পশ্চিম বর্ধমানেও ১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে।
আবহাওয়াবিদদের মতে, গত কয়েক সপ্তাহ ধরে অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এখন সেই প্রভাব কমে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত কমে এসেছে এবং গরম বাড়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
