জাতীয় স্তরে ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরবে দুই পড়ুয়া

নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক , ২৫শে অগাস্ট:বালুরঘাট: দেশের মানচিত্রে রাজ্যের মুখপাত্র এবার বালুরঘাটের দুই পড়ুয়া। শিক্ষামন্ত্রক আয়োজিত ‘প্রেরণা’ অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর থেকে এই প্রথম দুজন শিক্ষার্থী গুজরাটে যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ২০ জন পড়ুয়ার মধ্যে তারা জায়গা করে নিয়েছে। আগামী ২৪ থেকে ৩০ অগাস্ট জেলার ঐতিহ্য ও সংস্কৃতি জাতীয় পর্যায়ের ওই কর্মসূচিতে তুলে ধরবে তারা।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলারই বাসিন্দা। তিনি বলেন, ‘জেলা থেকে প্রথম ওই দুই পড়ুয়া ‘প্রেরণা’ কর্মসূচিতে যাওয়ায় আমরা সকলে গর্বিত। ওদের সাফল্য কামনা করছি। জেলার নাম ওরা উজ্জ্বল করবে আশা রাখছি।’
বালুরঘাট উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র সোমসিন্ধু দত্ত ও বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ঈশানী চক্রবর্তী আগামী বৃহস্পতিবার রওনা হবে গুজরাটের ভাদনগরের উদ্দেশে। সাতদিনের কর্মসূচিতে তারাও দেশের অন্য প্রান্তের সংস্কৃতি জানতে পারবে। তাদের সঙ্গে যাচ্ছেন ঈশানীর স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মহুয়া চৌধুরী।
‘প্রেরণা’ কর্মসূচি আসলে এক সপ্তাহের আবাসিক শিক্ষা অভিজ্ঞতা সংক্রান্ত অনুষ্ঠান। যা নবম থেকে দ্বাদশ শ্রেণির নির্বাচিত ছাত্রছাত্রীদের নিয়ে হয়। কর্মসূচিটি এবার গুজরাটের মেহসোনা জেলার ঐতিহাসিক শহর ভাদনগরের একটি স্কুলে হচ্ছে। ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পড়াশোনা করেছিলেন। মূলত শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ, তাদের ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল করে তোলা ও জাতীয় শিক্ষানীতি অনুযায়ী মূল্যবোধের পাঠ দিতে এই কর্মসূচি।
শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধিও অন্যতম লক্ষ্য। বালুরঘাটের সোমসিন্ধু তার যোগব্যায়ামের কেরামতি দেখাবে এবং ঈশানী রবীন্দ্রসংগীতের মূর্ছনা ছড়িয়ে দেবে জাতীয় পর্যায়ে। বালুরঘাট শহরের সাহেব কাছারি এলাকার ঈশানী বলে, ‘এই প্রথম রাজ্যের বাইরে যাচ্ছি। একটু ভয় লাগছে। কিন্তু এমন সুযোগ পাওয়ায় আমি খুশি। মা-বাবাও খুশি। ছোট থেকে শাস্ত্রীয় সংগীত শিখলেও রবীন্দ্রসংগীত আমার খুব ভালোবাসার জিনিস। তা আমি সবার সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা আমাদের এই প্রাণের গান ও সংস্কৃতিটা জানবে।’
সোমসিন্ধু জানায়, যোগব্যায়াম সম্পর্কে এখনও অনেকে ওয়াকিবহাল নয়। তবে ভারত সরকার যোগাসনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। তার আশা, তার যোগচর্চা সাড়া ফেলবে। সোমসিন্ধু সুযোগ পাওয়ায় খুশির হাওয়া বালুরঘাটের খাদিমপুর রবীন্দ্রনগরে।