আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর

তারিখ: ৯ এপ্রিল ২০২৬,নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক:-পশ্চিমবঙ্গ জুড়ে আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিভিন্ন জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও সেই বেগ ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

পরিস্থিতির জেরে দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহবিদরা জানিয়েছেন, আজ দুপুরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি শুরু হবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার থেকে এই প্রবণতা আরও কমবে। একইসঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টির তীব্রতা কমার ইঙ্গিত মিলেছে, যদিও হালকা বৃষ্টি চলবে।
এদিকে আগামীকাল থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে চৈত্র মাসে তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই বলেই জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার ও বুধবার, যা চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই সব জেলায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু অংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকায় বৃষ্টি চলবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।
সোমবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।