ডিবিআইটিএ’র ব্রাঞ্চ চেয়ারম্যান রাজকুমার মণ্ডল বলেন, ‘প্রযুক্তি নির্ভরতা এখন সময়ের চাহিদা। এজন্য দীর্ঘকালীন পরিকল্পনা তৈরি করাও জরুরি। শ্রমিকদেরও প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তোলা প্রয়োজন।’ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের অ্যাডিশনাল ভাইস চেয়ারম্যান অতুল রাস্তোগী একদিকে উৎপাদনের ঘাটতি ও অন্যদিকে চায়ের নিলাম মূল্যের ধারাবাহিক পতনের কথা তথ্য সহ তুলে ধরেন।
নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক, বিন্নাগুড়ি:,২রা ফেব্রুয়ারি ২০২৬:- ২০২৬:- চা শিল্পে ড্রোনের মতো অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র ব্যবহারের ওপর জোর দেওয়ার কথা উঠে এল ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন-এর ডুয়ার্স শাখার (ডিবিআইটিএ) ১৪৮তম বার্ষিক সাধারণ সভায়। রবিবার বিন্নাগুড়ির সেন্ট্রাল প্ল্যান্টার্স ক্লাবে আয়োজিত ওই সভায় জলবায়ু পরিবর্তন ও নানা ধরনের রোগপোকার বাড়বাড়ন্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রসঙ্গে উঠে আসে প্রযুক্তির ব্যবহারের কথা। ড্রোন ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা, ইমেজ ডেটাবেস, জিপিএস-এর মতো প্রযুক্তিগুলি চা শিল্পে নানান সমস্যার সমাধানে কী ধরনের সহযোগিতা করতে পারে, সেকথাও তুলে ধরেন কর্তারা।
ডিবিআইটিএ’র ব্রাঞ্চ চেয়ারম্যান রাজকুমার মণ্ডল বলেন, ‘প্রযুক্তি নির্ভরতা এখন সময়ের চাহিদা। এজন্য দীর্ঘকালীন পরিকল্পনা তৈরি করাও জরুরি। শ্রমিকদেরও প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তোলা প্রয়োজন।’ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের অ্যাডিশনাল ভাইস চেয়ারম্যান অতুল রাস্তোগী একদিকে উৎপাদনের ঘাটতি ও অন্যদিকে চায়ের নিলাম মূল্যের ধারাবাহিক পতনের কথা তথ্য সহ তুলে ধরেন। রোগপোকার হামলা আগেভাগেই বুঝতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সহ ড্রোনের মতো এরিয়াল ভেহিকল টেকনলজি যে ভবিষ্যতে গেম চেঞ্জার হতে পারে, এমন কথা উঠে আসে ওই সভায়। সুষমভাবে বাগানের সর্বত্র কীটনাশক স্প্রে-র ক্ষেত্রে ড্রোনের জুড়ি মেলা ভার বলে তাঁরা মনে করেন।
এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা ডিন প্রতীকমাধব ভট্টাচার্য, উত্তরবঙ্গের অতিরিক্ত শ্রম কমিশনার পার্থ বিশ্বাস, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সচিব শ্বেতা শ্রীবাস্তব প্রমুখ।
৪৭টি পরীক্ষা স্পেশাল বাস
কোচবিহার: ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। তাছাড়া মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাও চলছে। এদিকে, উত্তরের প্রত্যন্ত এলাকাগুলিতে যাতায়াতের সমস্যা রয়েছে। তাই মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে উত্তরের বিভিন্ন জেলাতে মোট ৪৭টি পরীক্ষা স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সোমবার থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাসগুলি চালানো হবে।
নিগম সূত্রে খবর, কোচবিহারের দেউরহাট, ধলপল, মরিচবাড়ির মতো প্রত্যন্ত এলাকার স্কুলগুলিতে যেমন যাতায়াতের ক্ষেত্রে গাড়ির সমস্যা রয়েছে, তেমনই শিলিগুড়ির সুকনা, আলিপুরদুয়ারের জোড়াই সহ প্রত্যন্ত এলাকাগুলিতেও একই সমস্যা রয়েছে। পড়ুয়াদের এই সমস্যার কথা মাথায় রেখে কোচবিহার জেলায় ১১টি, আলিপুরদুয়ারে ৫টি, জলপাইগুড়িতে ৯টি, দার্জিলিং ও শিলিগুড়িতে ১৮টি, উত্তর দিনাজপুরে ৩টি এবং বীরভূমের সিউড়িতে ১টি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে নিগম।
বিষয়টি নিয়ে নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ‘মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পরে পরীক্ষার্থীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই পরীক্ষা স্পেশাল বাস চালানোর কথা ভাবা হয়েছে।’
