৫১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঝরল তাজা প্রাণ
নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক, গঙ্গারামপুর: ,৪ঠা ফেব্রুয়ারি ২০২৬:- মঙ্গলবার সকালে ৫১২ নম্বর জাতীয় সড়কে ট্র্যাক্টর ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মৃত ব্যক্তির নাম ইয়াকুব আলি সরকার (৩০), তিনি পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরোহী মিনহাজুল আবেদিন (৩২) গুরুতর জখম হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ তপন থানার চকবলিরাম গ্রামের বাসিন্দা ইয়াকুব আলি ও মিনহাজুল মোটরবাইকে করে রামপুরের দিকে যাচ্ছিলেন। গঙ্গারামপুর থানার ফুলবাড়ি মহেন্দ্র এলাকায় একটি বেসরকারি বিএড কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্র্যাক্টরের সঙ্গে তাঁদের বাইকের জোরালো সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন।
রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ইয়াকুব আলিকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত মিনহাজুল বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
দুপুরের দিকে গঙ্গারামপুর থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাক্টর ও মোটরবাইকটি বাজেয়াপ্ত করেছে। একজন তরুণ শিক্ষকের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ।
আভিজাত্য আর আড্ডার মেলবন্ধন, যেখানে এক কাপ চায়েই মেটে মনের সব তৃষ্ণা
মালবাজার: সকাল থেকে রাত— সুভাষ মোড়ে মালবাজার থানার উলটোদিকে ফুটপাথের ওপর থাকা একটি চায়ের দোকান সবসময় গমগম করে। বিমল বর্মনের চায়ের দোকান চেনেন না, এমন মানুষ শহরে দুর্লভ। খোলা আকাশের নীচে ওই অস্থায়ী চায়ের দোকানে সুখ, দুঃখের বহু কাহিনীর আদানপ্রদান হয় মানুষে মানুষে। দোকানটি যেন অস্থায়ী ক্লাবঘর। রাজনীতি থেকে শুরু করে খেলা— আড্ডার বিষয়বস্তুর সীমারেখা নেই। তাই তো প্রতিদিন একবার হলেও বিমলের দোকানে আসা চাই-ই চাই শহরবাসীর একাংশের। তবে বিমল একা নন, দোকান চালান আসলে দুই ভাই। বিমল আর পরিমল। এই চারহাতের কোনও বিশ্রাম নেই। চা, বিস্কুট ছাড়াও ঘুগনি, চাউমিন, পুরি, ডিমটোস্ট পাওয়া যায়। একের পর এক অর্ডার আসে। দুই ভাই হাসিমুখে কাজ করে চলেন।
দোকানের পোশাকি নাম, বিমল টি শপ। আজ থেকে প্রায় ২৯ বছর আগে মাল পুরসভার মিলনপল্লির বাসিন্দা বিমল চায়ের দোকানটি শুরু করেন। ২২ বছর আগে দোকানটি স্থানান্তরিত হয় থানার বিপরীতে। আগে দোকানটি ছিল এখনের থেকে ৫০০ মিটার দূরে। বিমলের চায়ের দোকান এখনও কাঠের। প্রতিদিন সকাল ৮টায় দুই ভাই দোকান খোলেন। বন্ধ করতে করতে রাত ১১টা বাজে। শহরের বাইরেও বিমল, পরিমলের সুনাম ছড়িয়েছে। তারপরেও দুই ভাই সাদামাটা জীবনযাপন করতেই ভালোবাসেন।
বিমলের চায়ের স্বাদে মোহিত হয়েছেন নেতা, অভিনেতা প্রত্যেকেই। প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম থেকে শুরু করে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী ওই দোকানে এসেছেন। সময় কাটিয়েছেন নির্ভেজাল আড্ডায়। বলিউড-টলিউডের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মাও একবার এসেছিলেন। সেসব স্মৃতি এখনও অমলিন দুই ভাইয়ের কাছে। কাজের ফাঁকে পরিমল অকপটে বললেন, ‘অভিনেতা রাজেশ শর্মা আমাদের দোকানের চা খেয়ে সুনাম করেছিলেন। মহম্মদ সেলিম, অরূপ চক্রবর্তীও দোকানের পরিবেশের প্রশংসা করেছেন।’
জলপাইগুড়ি জেলার বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্বরাও ওই দোকানে সন্ধের পর ঢুঁ মারেন। ওই দোকানে গেলে দেখা মেলে তৃণমূলের টাউন সভাপতি পুলীন গোলদার, বিজেপির নবীন সাহা, রাকেশ নন্দী বা সিপিএমের রাজা দত্তের। মতাদর্শ আলাদা হলেও চায়ের রুচি যে প্রত্যেকের এক। রাজা বলেন, ‘সুযোগ পেলে দিনে একবার হলেও যাই। অনেকের সঙ্গে দেখা হয়।’ নবীনের স্বীকারোক্তি, ‘বিমলের চা মানসিক চাপ কমায়। ভালো আড্ডা জমে। কখনও বিরক্ত বোধ করিনি।’
ওই দোকান আবার একজনের কাছে কাজের জায়গা। তিনি সুশান্ত দাস। পাশেই থানা। সুশান্ত অভিযোগপত্র লেখার কাজ করেন। ‘ক্লায়েন্ট’দের ডেকে নেন বিমলের চায়ের দোকানে। সুশান্তের কথায়, ‘এটা আমার অস্থায়ী আস্তানা। কেউ অভিযোগপত্র লেখাতে চাইলেই এই দোকানে ডেকে নিই।’ বিমল জানালেন, অধিকাংশ মানুষ তাঁদের দোকানের লাল চা পছন্দ করেন। তাই ভালো মানের চা পাতা ব্যবহার করতে হয়। কারও কাছে চা আভিজাত্যের, আবার কারও কাছে চা নিছকই পানীয়— তাঁদের মিলনক্ষেত্র বিমল টি শপ।
