আত্রেয়ীর চরে মাফিয়া রাজ! ফরেস্টের গাছ কেটে বালি-মাটি লুঠ কুমারগঞ্জে,
মোহনা পঞ্চায়েতের তাজপুরে বালির গাড়ির দাপটে রাস্তা নষ্ট হওয়া এবং ধুলোবালির সমস্যার জেরে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু তাতেও টনক নড়েনি প্রশাসনের।
এই ইস্যুতে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। সিপিএম জেলা নেতা মোফাজ্জল হোসেন সরাসরি তোপ দেগে বলেন, “গোটা ব্লক জুড়ে বালি-মাটির রমরমা কারবার চলছে।
৬ই মার্চ,২০২৬ :- নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক:বিশেষ প্রতিবেদন ,কুমারগঞ্জ: নদীর চরে অবাধে চলছে লুঠতরাজ। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ভোঁওর পঞ্চায়েত এলাকায় আত্রেয়ী নদী সংলগ্ন ফরেস্টে গত কয়েকদিন ধরে বেআইনি কারবার চলছে বলে স্থানীয় সূত্রে খবর। অভিযোগ, বালি ও মাটি পাচারের সুবিধার্থে ফরেস্টের গাছ কেটে রীতিমতো আলাদা রাস্তাও তৈরি করে ফেলেছে মাফিয়ারা।
দীর্ঘ দুই বছর ধরে আত্রেয়ীর বিভিন্ন ঘাট থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ আসছিল। কিন্তু এবার ফরেস্ট সংলগ্ন এলাকাকে টার্গেট করায় পরিবেশের ভারসাম্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন পরিবেশপ্রেমীরা। স্থানীয়দের দাবি, প্রতিদিন কয়েকশো ট্রাক ও ট্র্যাক্টরে করে বালি-মাটি পাচার হচ্ছে। এর আগে মোহনা পঞ্চায়েতের তাজপুরে বালির গাড়ির দাপটে রাস্তা নষ্ট হওয়া এবং ধুলোবালির সমস্যার জেরে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু তাতেও টনক নড়েনি প্রশাসনের।
এই ইস্যুতে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। সিপিএম জেলা নেতা মোফাজ্জল হোসেন সরাসরি তোপ দেগে বলেন, “গোটা ব্লক জুড়ে বালি-মাটির রমরমা কারবার চলছে। পুলিশ-প্রশাসন বা ভূমি দপ্তর কিছুই জানে না, এটা বিশ্বাসযোগ্য নয়। শাসকদলের মদত ছাড়া এমন কাজ অসম্ভব।” অন্যদিকে, বিজেপি নেতৃত্বের পক্ষ থেকেও প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করা হয়েছে। তাঁদের দাবি, অবিলম্বে এই বেআইনি খনন বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে দল।
সমস্ত অভিযোগ অস্বীকার করে কুমারগঞ্জের বিএলঅ্যান্ডএলআরও হিমাদ্রি শেখর মণ্ডল জানিয়েছেন, অবৈধ বালি উত্তোলন রুখতে ভূমি দপ্তর নিয়মিত অভিযান চালাচ্ছে। তবে অভিযানের পরেও কীভাবে ফরেস্টের ভেতর রাস্তা তৈরি করে মাটি চুরি হচ্ছে, তার সদুত্তর মেলেনি।
পরিবেশবিদদের মতে, এভাবে নদীর পাড় ও বনভূমি ধ্বংস হতে থাকলে ভবিষ্যতে নদী গতিপথ পরিবর্তন করতে পারে এবং এলাকায় ধস বা বন্যার আশঙ্কা বাড়বে। প্রশাসনের ওপর ভরসা হারিয়ে এখন কঠোর আইনি ব্যবস্থার দাবি জানাচ্ছেন কুমারগঞ্জের সাধারণ মানুষ।
