ধাক্কাধাক্কি, সরকারি কাজে বাধা! শংকর ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের

 ঠিক তখনই শংকর ঘোষের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন বিজেপি কর্মী এলাকায় অবৈধভাবে জমায়েত করে পুলিশের তদন্তে বাধা দেয়। পুলিশ বারংবার তাদের কাজ করতে দেওয়ার কথা বললেও বিজেপি প্রার্থীর নেতৃত্বে জমায়েত থেকে তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ওসি নির্মল কুমার দাসের অভিযোগ, তিনি যখন ফাঁড়িতে ফিরে আসতে চাইছিলেন তখন শংকর ঘোষ তাঁর বুকে ধাক্কা মেরে, গাড়ির সামনে দাঁড়িয়ে ফেরার পথ আটকে দেন।
৯ইএপ্রিল,২০২৬ :- নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক:- শিলিগুড়ি: বিজেপি প্রার্থী শংকর ঘোষ সহ একগুচ্ছ বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। গত ৬ মার্চ শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী গৌতম দেবের ফ্লেক্স বিকৃত করার অভিযোগের তদন্তে পুলিশকে ধাক্কা দেওয়া ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে শংকর ঘোষ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। শিলিগুড়ি থানায় এই অভিযোগ দায়ের করেছেন পানিট্যাংকি আউটপোস্টের ওসি নির্মল কুমার দাস। পুলিশের অভিযোগ পত্রে, শংকর ঘোষ, অমিত আগরওয়াল, তনুশ্রী মোদক, জয়শ্রী মোদক, কৌশিক সরকার, যোগেশ গর্গ ছাড়াও আরও ২০ থেকে ২৫ জনের কথা উল্লেখ করা হয়েছে।

গত ৫ এপ্রিল শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ফ্লেক্স বিকৃত করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ফ্লেক্সে প্রার্থীর মুখের উপর বিজেপির স্টিকার সেঁটে দেওয়া হয়। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গৌতমবাবু। এনিয়ে পানিট্যাংকি পুলিশ ফাঁড়িতে অভিযোগও দায়ের করে তৃণমূল। পুলিশের দাবি, তদন্তে নেমে প্রাথমিকভাবে তাঁরা জানতে পারেন, শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপি কর্মী অমিত আগরওয়াল, জয়শ্রী মোদক, তনুশ্রী মোদক এই ঘটনায় যুক্ত থাকতে পারেন।
এরপর দুপুর নাগাদ পানিট্যাংকি ফাঁড়ির ওসি নির্মল কুমার দাস, সাব ইনস্পেক্টর প্রকাশ চন্দ্র সরকার সহ বাকি পুলিশকর্মীরা বিজেপি কর্মী জয়শ্রী মোদক ও তনুশ্রী মোদকের বাড়িতে গিয়ে ঘটনার তদন্ত করেন। ঠিক তখনই শংকর ঘোষের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন বিজেপি কর্মী এলাকায় অবৈধভাবে জমায়েত করে পুলিশের তদন্তে বাধা দেয়। পুলিশ বারংবার তাদের কাজ করতে দেওয়ার কথা বললেও বিজেপি প্রার্থীর নেতৃত্বে জমায়েত থেকে তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ওসি নির্মল কুমার দাসের অভিযোগ, তিনি যখন ফাঁড়িতে ফিরে আসতে চাইছিলেন তখন শংকর ঘোষ তাঁর বুকে ধাক্কা মেরে, গাড়ির সামনে দাঁড়িয়ে ফেরার পথ আটকে দেন। পরে তাঁরা কোনওরকমে ফিরতে পারলও বিজেপি প্রার্থী ও তার অনুগামীরা পানিট্যাংকি ফাঁড়ির সামনে যাতায়াতের রাস্তা আটকে দীর্ঘক্ষণ অবৈধ জমায়েত করেন। যদিও বিজেপি শিবিরের অভিযোগ, তৃণমূলের অনুগত পুলিশ অন্যায়ভাবে বিজেপিকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে।