কাটিহারে রোগী ফেলে নেশায় চুর বিনয় কুমারকে গ্রেপ্তার করল পুলিশ
সূত্রের খবর, এদিন দুপুরের দিকে ওই চিকিৎসক মদ্যপ অবস্থায় হাসপাতালে রোগীদের সঙ্গে অসংলগ্ন আচরণ শুরু করেন। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের ভিড় উপচে পড়ে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে। উত্তেজিত জনতা ওই চিকিৎসকের এই আচরণের তীব্র প্রতিবাদ জানায়। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, সাদা অ্যাপ্রন পরা অবস্থাতেই টালমাটাল অবস্থায় রয়েছেন তিনি। উল্লেখ্য, বিহারে মদ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও একজন সরকারি চিকিৎসকের এমন কাণ্ড প্রশাসনের অস্বস্তি বাড়িয়েছে।
১লা এপ্রিল,২০২৬ :- নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক:কাটিহার: বিহারের সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা যখন প্রশ্নের মুখে, ঠিক তখনই এক দায়িত্বজ্ঞানহীন চিকিৎসকের কীর্তি ধরা পড়ল ক্যামেরায়। বুধবার দুপুরে কাটিহারের সমেলি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত থাকাকালীন মদ্যপ অবস্থায় পাওয়া যায় চিকিৎসক বিনয় কুমারকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুঠিয়া থানার পুলিশ এবং ওই চিকিৎসককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
সূত্রের খবর, এদিন দুপুরের দিকে ওই চিকিৎসক মদ্যপ অবস্থায় হাসপাতালে রোগীদের সঙ্গে অসংলগ্ন আচরণ শুরু করেন। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের ভিড় উপচে পড়ে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে। উত্তেজিত জনতা ওই চিকিৎসকের এই আচরণের তীব্র প্রতিবাদ জানায়। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, সাদা অ্যাপ্রন পরা অবস্থাতেই টালমাটাল অবস্থায় রয়েছেন তিনি। উল্লেখ্য, বিহারে মদ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও একজন সরকারি চিকিৎসকের এমন কাণ্ড প্রশাসনের অস্বস্তি বাড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিনয় কুমারের মদ্যপ হয়ে হাসপাতালে আসার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও একাধিকবার তিনি নেশাগ্রস্ত অবস্থায় ডিউটি করেছেন বলে দাবি করেছেন রোগীরা। জেলা প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কেন তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি, তা নিয়ে এদিন পুলিশের কাছে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ।
এই নাটকীয় ঘটনার পর অভিযুক্ত চিকিৎসককে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর ডাক্তারি পরীক্ষা করানোর পর পরবর্তী আইনি পদক্ষেপ নেবে পুলিশ। যদিও এই লজ্জাজনক ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কাটিহার জেলা স্বাস্থ্য দপ্তর বা উচ্চপদস্থ কোনও আধিকারিক মুখ খোলেননি।
ভোটের আবহে সরকারি পরিকাঠামোর এই কঙ্কালসার চেহারা সামনে আসায় রীতিমতো অস্বস্তিতে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বও।