৯ইএপ্রিল,২০২৬ :- নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক:- কলকাতার এক বিলাসবহুল হোটেলে দলের সর্বভারতীয় সভাপতি Mallikarjun Kharge (মল্লিকার্জুন খড়্গে) এই ইস্তাহার প্রকাশ করেন। প্রায় ২০ বছর পর রাজ্যে একক শক্তিতে নির্বাচনে লড়াই করছে Indian National Congress (ভারতীয় জাতীয় কংগ্রেস), সেই লড়াইকে জোরদার করতেই একগুচ্ছ জনমুখী প্রকল্পের ঘোষণা করা হয়েছে।
ইস্তাহারের সবচেয়ে বড় আকর্ষণ ‘দুর্গা সম্মান’ প্রকল্প।
মুখ্যমন্ত্রী Mamata Banerjee (মমতা বন্দ্যোপাধ্যায়)-এর ‘লক্ষ্মীর ভান্ডার’-এর ধাঁচেই এই প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ২০০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে।
এর পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক সম্মান’ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে বছরে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।
স্বাস্থ্য ক্ষেত্রেও বড় ঘোষণা করেছে কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী Bidhan Chandra Roy (বিধানচন্দ্র রায়)-এর নামে ‘বিধান স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্প চালুর কথা বলা হয়েছে, যেখানে প্রতি পরিবারকে ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা দেওয়া হবে।
যুবকদের জন্য ‘যুব সম্মান’ প্রকল্পে এক বছরের মধ্যে সরকারি দফতরের সমস্ত শূন্যপদ পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টার্নশিপের সুযোগ তৈরির কথাও উল্লেখ করা হয়েছে।
শিক্ষাক্ষেত্রে ‘শিক্ষার আলো’ প্রকল্পের মাধ্যমে স্নাতক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, কৃত্রিম মেধা (AI) শিক্ষার প্রসার এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইস্তাহার প্রকাশের পর খড়্গে বলেন, বাংলায় কংগ্রেস নতুন বিকল্প তুলে ধরতে চায়। তাঁর কথায়, এই ইস্তাহার শুধুমাত্র অর্থ বিলির কথা বলে না, বরং পুনর্গঠন ও সংস্কারের দিকেই জোর দেয়। তিনি তৃণমূল সরকারের সমালোচনা করে দাবি করেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের অভাব রয়েছে। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধেও সরব হয়ে তিনি বলেন, তারা উন্নয়নের বদলে বিভাজনের রাজনীতি করে।
বিরোধী জোট ‘ইন্ডিয়া’ প্রসঙ্গে খড়্গে জানান, রাজ্যভিত্তিক লড়াই আলাদা হলেও জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সবাই একসঙ্গে রয়েছে।
