জল্পনার অবসান! আব্দুর রহিম বক্সির হাত ধরে তৃণমূলে শব্দর আলি
২৯শে মার্চ,২০২৬ :- নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক:সামসী: ২৪ ঘণ্টার ব্যবধানেই বদলে গেল মালদার চাঁচল-২ ব্লকের রাজনৈতিক মানচিত্র। শুক্রবার যাকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করেছিল কংগ্রেস, শনিবার রাতেই সেই মহম্মদ শব্দর আলির হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন আব্দুর রহিম বক্সি। মালতীপুরের বিদায়ী বিধায়কের বাসভবনে আয়োজিত এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি আবু কালাম আজাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা এবং জেলা পরিষদ সদস্য শিউলি বেগমসহ একঝাঁক নেতৃত্ব।
তৃণমূলে যোগ দিয়ে ধানগাড়া-বিষণপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তথা অভিজ্ঞ এই সংগঠক জানান, “দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করেছি। কিন্তু কংগ্রেসে থেকে সেই কাজ বাধা পাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই আজ তৃণমূলে যোগ দিলাম।” প্রায় এক দশক ধরে অঞ্চল সভাপতির দায়িত্ব সামলানো শব্দর আলির এই দলবদল ওই এলাকায় কংগ্রেসের ভোটব্যাঙ্কে বড়সড় ধস নামাতে পারে বলে মনে করা হচ্ছে।
তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, “শব্দর আলির মতো একজন অভিজ্ঞ নেতা আমাদের দলে আসায় সংগঠন আরও শক্তিশালী হলো। আসন্ন নির্বাচনে এর ইতিবাচক প্রভাব আমরা দেখতে পাব।” তাঁর মতে, মানুষ উন্নয়নের পক্ষে রায় দিতেই এখন তৃণমূলের পতাকাতলে আসছেন।
অন্যদিকে, এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ চাঁচল-২ ব্লক কংগ্রেস সভাপতি সৈয়দ মানজারুল ইসলাম। তিনি স্পষ্ট জানান, “দলবিরোধী কাজের জন্যই তাঁকে বহিষ্কার করা হয়েছিল। কংগ্রেস শৃঙ্খলায় বিশ্বাসী। উনি শাসকদলে গেলেও আমাদের সংগঠনে কোনও প্রভাব পড়বে না।”
নির্বাচনের ঠিক আগে মালতীপুর বিধানসভা এলাকায় এই দলবদল তৃণমূলের জন্য বড় প্রাপ্তি হলেও, কংগ্রেসের দুর্গ বাঁচাতে এখন মরিয়া হাত শিবির।
