কলকাতা: সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশ্ন করেন, ‘অন্য রাজ্য থেকে পুলিশ যদি আনা যায়, তাহলে কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে কেন আপত্তি জানানো হচ্ছে? বাহিনীর খরচও কেন্দ্রীয় সরকার দেবে, তাহলে আপত্তিটা কিসের?’
রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য ছিল, কেন্দ্রীয় বাহিনীকে ডাকা তাদের কাজ নয়। তারা রাজ্যে যখন স্পর্শকাতর কেন্দ্র ও জেলা চিহ্নিত করছিল, তখনই হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। আর রাজ্য সরকারের যুক্তি ছিল, তারা পশ্চিমবঙ্গে পুলিশের পাশাপাশি অন্য রাজ্য থেকে পুলিশ এনে পুরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তাদের পরিকল্পনা তৈরি।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হবে। হাইকোর্টের রায়কে বহাল রাখলেন সুপ্রিম কোর্ট। শুধু তা-ই নয়, রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের যুক্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি নাগরত্ন ও মনোজ মিশ্র বলেছেন, ‘সহিংসতার পরিবেশে ভোট হতে পারে না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে।
বিচারপতি নাগরত্ন রাজ্য নির্বাচন কমিশনকে বলেন, ‘নিরাপত্তা দেওয়ার কাজ যখন আপনাদের নয়, তখন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপনারা চিন্তিত কেন? আপনারা নিজেদের কাজ করুন। যেখান থেকেই বাহিনী আসুক, তা আপনাদের অসুবিধার কারণ হতে পারে না।’
