ব্যবসায়ীর টাকার থলে নিয়ে দৌড়াতে গিয়ে শ্রীঘরে ফালাকাটার যুবক
রবি বর্মন ও আশেপাশের ব্যবসায়ীরা ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করলে স্থানীয়রা ধাওয়া করে কিছুদূরেই তাকে পাকড়াও করেন। এরপরই ক্ষুব্ধ জনতা ওই যুবককে গণপিটুনি দিতে শুরু করে।
ঘটনার খবর পেয়ে বাজারের পাশে থাকা পুলিশ ক্যাম্প থেকে দ্রুত আধিকারিকরা এসে ওই যুবককে উদ্ধার করেন। ঠিক সেই সময় সিমলাবাড়ির বাসিন্দা খুরশি আলম দাবি করেন, হাটে পেঁয়াজ কেনার সময় তাঁর পকেট থেকে মোবাইলটিও ওই যুবকই চুরি করেছে। পুলিশ ক্যাম্পের সামনেই এই নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
৯ইএপ্রিল,২০২৬ :- নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক:পলাশবাড়ি: সাপ্তাহিক হাটের ভিড়ে চুরির ছক কষেও শেষরক্ষা হলো না। বুধবার সকালে আলিপুরদুয়ার ১ ব্লকের পলাশবাড়ির শিলবাড়িহাটে এক সবজি ব্যবসায়ীর টাকার থলে নিয়ে পালানোর সময় ধরা পড়ল অজয় দেব নামে এক যুবক। ধৃতের বাড়ি ফালাকাটায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ভরদুপুরে এমন চুরির ঘটনায় রীতিমতো তাজ্জব হাটের ক্রেতা ও বিক্রেতারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে শিলবাড়িহাটে সবজির পাইকারি বাজার শেষ হওয়ার পর খুচরো বাজার জমে উঠেছিল। মেজবিলের বাসিন্দা রবি বর্মন তাঁর সবজির দোকানে পসরা সাজাতে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে তাঁর টাকার থলেটি বগলদাবা করে দৌড়াতে শুরু করে বছর ত্রিশের ওই যুবক। রবি বর্মন ও আশেপাশের ব্যবসায়ীরা ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করলে স্থানীয়রা ধাওয়া করে কিছুদূরেই তাকে পাকড়াও করেন। এরপরই ক্ষুব্ধ জনতা ওই যুবককে গণপিটুনি দিতে শুরু করে।
ঘটনার খবর পেয়ে বাজারের পাশে থাকা পুলিশ ক্যাম্প থেকে দ্রুত আধিকারিকরা এসে ওই যুবককে উদ্ধার করেন। ঠিক সেই সময় সিমলাবাড়ির বাসিন্দা খুরশি আলম দাবি করেন, হাটে পেঁয়াজ কেনার সময় তাঁর পকেট থেকে মোবাইলটিও ওই যুবকই চুরি করেছে। পুলিশ ক্যাম্পের সামনেই এই নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযুক্ত অজয় দেবকে উদ্ধার করে সোনাপুর ফাঁড়িতে নিয়ে যায়।
শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক নিখিলকুমার পোদ্দার জানান, এই যুবককে আগে কখনও হাটে দেখা যায়নি। দিনের আলোয় এভাবে চুরির ঘটনা আগে কখনও ঘটেনি। আমরা চাই পুলিশ এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক যাতে ভবিষ্যতে আর কেউ সাহস না পায়।
পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর পেছনে কোনও বড় চক্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে এই চুরির চেষ্টা ব্যবসায়ীদের নিরাপত্তায় বড় প্রশ্নচিহ্ন খাড়া করেছে।
