— কৃষ্ণ দাস ইস্যুতে বিস্ফোরক খগেশ্বর রায়
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক,৬ই মে ২০২৬ঃ-জলপাইগুড়ি: গত কয়েকদিন ধরে জলপাইগুড়িতে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের ওপর হামলার ঘটনা নিয়ে যে রাজনৈতিক জলঘোলা হচ্ছিল, বুধবার তাতে নতুন মাত্রা যোগ করলেন জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায়। দলের নেতার ওপর হামলার ঘটনাকে কার্যত ‘ব্যক্তিগত বিবাদ’ বলে দেগে দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন তিনি।
খগেশ্বর বাবু সরাসরি বলেন, “কৃষ্ণ দাসের ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত। দল কখনও তাকে গিয়ে লড়াই করতে বলেনি। যে আদা খাবে, ঝাল তো তার লাগবেই।”
বিধানসভা নির্বাচনে বিজেপির জয় প্রসঙ্গে তিনি বলেন, “ভোটে জিতলে মিছিল বা উল্লাস করাটা স্বাভাবিক। আমরাও লোকসভা ভোটে জেতার পর মিছিল করেছি। বিজেপি জিতেছে, ওরা আনন্দ করবে— এখানে বাধা দেওয়ার কিছু নেই।”
চেয়ারম্যান হিসেবে তিনি দলীয় কর্মীদের সংযত থাকার পরামর্শ দিয়ে নিজের উদাহরণ টেনে বলেন, “কই আমাকে তো কেউ মারতে আসেনি? আমি তো রোজই বেলাকোবা বাজারে বসে আড্ডা দিই।”
বিজেপি নেতৃত্বের নির্দেশ অমান্য করে যারা ভাঙচুর বা অশান্তিতে জড়াচ্ছে, তাদেরও সমালোচনা করেছেন তিনি। তাঁর মতে, বিজেপির রাজ্য সভাপতি যেখানে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন, সেখানে কিছু কর্মী সেই নির্দেশ অমান্য করছেন।
কৃষ্ণ দাসের মতো দলের একজন নেতার আক্রান্ত হওয়ার ঘটনাকে জেলা তৃণমূল চেয়ারম্যান যেভাবে ‘ব্যক্তিগত’ বলে অভিহিত করলেন, তা জেলার রাজনৈতিক সমীকরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
শান্তি ও সৌজন্যের নজির! তৃণমূল কার্যালয় থেকে বিজেপির পতাকা খুলে নিলেন খোদ বিজেপি বিধায়ক
গাজোল: “ভয় আউট, ভরসা ইন”—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মন্ত্রকে পাথেয় করে গাজোলে রাজনৈতিক সৌজন্যের নজির গড়লেন নবনির্বাচিত বিধায়ক চিন্ময় দেব বর্মন। বুধবার সকালে হাতিমারি বাজারে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বিজেপির পতাকা খুলে পুনরায় সেখানে জোড়াফুলের পতাকা সসম্মানে লাগিয়ে দিলেন তিনি। নির্বাচনের ফলের পর রাজ্যে যখন অশান্তির খবর শিরোনামে, তখন চিন্ময় বাবুর এই পদক্ষেপ রাজনৈতিক মহলে প্রশংসা কুড়াচ্ছে।
বুধবার সকালে খবর আসে, গাজোল ব্লকের হাতিমারি বাজার এলাকায় তৃণমূলের কার্যালয় থেকে পতাকা সরিয়ে বিজেপির পতাকা লাগানো হয়েছে। খবর পাওয়া মাত্রই বৃষ্টির মধ্যে এলাকায় পৌঁছান বিজেপি বিধায়ক। স্থানীয়রা কারা এই কাজ করেছে তা নির্দিষ্ট করে বলতে না পারলেও, চিন্ময় বাবু এক মুহূর্ত দেরি না করে নিজের হাতে বিজেপির পতাকা সরিয়ে তৃণমূলের পতাকা পুনরায় টাঙিয়ে দেন।
এদিন গাজোল থানায় পুলিশ অবজারভারের সঙ্গে দেখা করেন নবনির্বাচিত বিধায়ক। গাজোল ব্লকের চাকনগর অঞ্চল সভাপতি ত্রিনাথ বিশ্বাসের বাড়িতে ভাঙচুর ও তৃণমূল কর্মীদের ওপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “কিছু উৎসাহিত কর্মী বা বহিরাগতরা এই অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। এমনকি কোথাও তৃণমূল কর্মীরাও গেরুয়া আবির মেখে এসব করছে কি না, তাও দেখা দরকার। পুলিশকে স্পষ্ট বলা হয়েছে—গন্ডগোল করলে যেন কোনো ‘রং’ না দেখে আইনি ব্যবস্থা নেওয়া হয়।”
চিন্ময় দেব বর্মন আরও যোগ করেন যে, গত ১৫ বছরে বাংলার রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়েছে। তবে বিজেপি সেই সংস্কৃতির পরিবর্তন ঘটাতে এবং মানুষের মধ্যে পুনরায় ভরসা জাগিয়ে তুলতে বদ্ধপরিকর।
