কিশনগঞ্জের এসডিপিও-র বিরুদ্ধে রুজু হলো মামলা

স্ত্রী, শাশুড়ি ও বান্ধবীর নামে ‘কালো টাকা’র সাম্রাজ্য! 

১লা এপ্রিল,২০২৬ :- নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক: কিশনগঞ্জ: কিশনগঞ্জের এসডিপিও গৌতম কুমারের দুর্নীতির খতিয়ান ক্রমেই দীর্ঘ হচ্ছে। ইওইউ-এর তদন্তে উঠে এসেছে যে, নিজের খাকি উর্দির অপব্যবহার করে তিনি বৈধ আয়ের তুলনায় ৬০.২৭ শতাংশ বেশি সম্পত্তি অর্জন করেছেন। এই বিপুল পরিমাণ অবৈধ অর্থ সাদা করতে তিনি ঢাল হিসেবে ব্যবহার করেছেন স্ত্রী রুবি কাশ্যপ (সরকারি শিক্ষিকা), শাশুড়ি পুনম দেবী এবং বান্ধবী সগুফতা শমিমকে। তাঁদের প্রত্যেকের নামেই পাটনার বিশেষ থানায় দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।


মঙ্গলবার শিলিগুড়ি, কিশনগঞ্জ, পূর্ণিয়া ও পাটনা সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইওইউ যে নথিপত্র হাতে পেয়েছে, তাতে দেখা যাচ্ছে গৌতম কুমারের বিনিয়োগের জাল ছড়িয়ে রয়েছে ভিন রাজ্য এমনকি নেপালেও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ণিয়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে স্ত্রীর নামে তিন বিঘা বাণিজ্যিক জমি এবং মধুবনী মহল্লায় প্রায় ২ কোটি টাকা মূল্যের চারতলা বাড়ি। উত্তরবঙ্গ ও সিকিমের পাহাড়ে কালো টাকা বিনিয়োগের পাশাপাশি চা বাগানেও নিবেশের প্রমাণ মিলেছে। এছাড়াও গুরগাঁও ও পুনের মতো শহরেও তাঁর বেনামী সম্পত্তির হদিস পাওয়া গেছে।
তদন্তে জানা গেছে, ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত বান্ধবী সগুফতা শমিমের নামে সাতটি দামী জমির প্লট কেনা হয়েছে। এছাড়া গৌতম কুমারের দামী গাড়ির শখ মেটাতে কেনা হয়েছে একাধিক চার চাকার গাড়ি, যার বেশিরভাগই তাঁর স্ত্রী বা বান্ধবীর নামে রেজিস্ট্রি করা। ৩৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি এবং প্রচুর সোনার গয়নাও এই অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে।

ইওইউ-এর দাবি, অভিযুক্ত আধিকারিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ কালো টাকা জমা করে ‘চেইন ট্রান্সফারের’ মাধ্যমে মানি লন্ডারিং করতেন। তল্লাশিতে বেশ কিছু অবৈধ সিম কার্ডও উদ্ধার হয়েছে। এই দুর্নীতির কর্মকাণ্ডে স্ত্রী, শাশুড়ি ও বান্ধবী সমানভাবে শরিক বলে মনে করছেন তদন্তকারীরা। মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ সুপার কুমার ইন্দ্র প্রকাশকে।
আপাতত গৌতম কুমারকে গ্রেপ্তার করা না হলেও তাঁর গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে। কিষাণগঞ্জের সরকারি বাংলোতেই রয়েছেন তিনি, তবে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন। ইওইউ সূত্রে খবর, আগামী দিনে আরও বেশ কিছু জায়গায় হানা দেওয়ার সম্ভাবনা রয়েছে।