সন্ন্যাসী থেকে রাজনীতির ময়দানে ছেলে;

 কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থীর জন্য উৎকণ্ঠায় বৃদ্ধ বাবা-মা!
২৯শে  মার্চ,২০২৬ :- নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক , পতিরাম: ছাব্বিশ বছর আগে ঘর ছেড়েছিলেন আধ্যাত্মিকতার টানে। আজ তিনি ভারত সেবাশ্রম সংঘের পরিচিত মুখ ‘উৎপল মহারাজ’। কিন্তু গেরুয়াধারী সেই সন্ন্যাসী ছেলেই যখন কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে রাজনীতির আঙিনায় পা রেখেছেন, তখন গর্বের চেয়েও দুশ্চিন্তাই বেশি গ্রাস করেছে তাঁর সত্তরোর্ধ্ব বৃদ্ধ বাবা-মাকে।


বালুরঘাট ব্লকের গোপালবাটির গুটিন গ্রামের বাসিন্দা ৭৭ বছরের কংগ্রেস বর্মণ ও ৭০ বছরের নিভা বর্মণ। ঘরের টেবিলে রাখা ছেলের সন্ন্যাসীবেশের ছবির দিকে তাকিয়ে দিন কাটছে তাঁদের। রাজনীতির বর্তমান পরিস্থিতি, হিংসা আর অশান্তির খবরে আতঙ্কিত বাবা কাঁপা গলায় বলেন, “এখনকার রাজনীতি ভালো জায়গায় নেই। ছেলের কোনো ক্ষতি না হয়, সেই চিন্তায় বুক কাঁপে।” মা নিভা বর্মণের চোখেও জল। কয়েক মাস আগে অসুস্থ অবস্থায় শেষ দেখা হয়েছিল ছেলের সঙ্গে, তারপর থেকে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পতিরাম হাইস্কুলে পড়ার সময় থেকেই ধর্মীয় জীবনযাপনের প্রতি আগ্রহ বাড়ে উৎপলবাবুর। পতিরাম হিন্দু মিলন মন্দিরের আবাসিকে থাকাকালীনই আধ্যাত্মিকতার পথে হাঁটা শুরু। দীর্ঘ ২৬ বছরের সন্ন্যাস জীবনে বাবা-মায়ের সঙ্গে মাত্র তিন-চারবার দেখা হয়েছে তাঁর। নাতি ও গ্রামবাসীদের মুখেই বৃদ্ধ দম্পতি জানতে পেরেছেন যে, তাঁদের ছেলে এবার ভোটে লড়ছেন।

গ্রামের সহজ-সরল মানুষজন বিধায়ক পদকে ‘মন্ত্রী’ সম্বোধন করে বৃদ্ধ দম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন। এতে কিছুটা গর্ববোধ করলেও, ছেলের সুরক্ষা নিয়ে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না তাঁদের। তবে বাবা-মায়ের বিশ্বাস, ছোটবেলা থেকেই সমাজসেবার মানসিকতা নিয়ে বড় হওয়া উৎপল যদি জয়ী হন, তবে মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেবেন। বর্তমানে পতিরামের নিভৃত কোণে বসে এই বৃদ্ধ দম্পতি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন— ছেলে যেন সুস্থ থাকে এবং যে কাজেই হাত দিক, তাতে যেন মানুষের ভালো হয়।