…………….(প্রতিকি ফটো)……..
প্রোটোকল ভাঙার খেসারত! শিলিগুড়ির সিপি ও জেলাশাসককে দিল্লির তলব
১৩ই মার্চ,২০২৬ :-নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক,:-শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার নতুন মোড় নিল। রাষ্ট্রপতির ক্ষোভ এবং প্রোটোকল ভঙ্গের অভিযোগ ওঠায় শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর এবং দার্জিলিঙের জেলাশাসক মণীশ মিশ্রকে কেন্দ্রীয় ডেপুটেশনে চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এ নিয়ে ইতিমধ্যেই নবান্নের মতামত চাওয়া হয়েছে। তবে অতীতের অভিজ্ঞতা বলছে, রাজ্য সম্ভবত এই দুই আধিকারিককে ছাড়তে নারাজ।
শনিবার শিলিগুড়ির বাগডোগরার কাছে গোঁসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি। অভিযোগ, অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ফাঁসিদেওয়ার সন্তোষিণী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। কিন্তু পুলিশ-প্রশাসন অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে তা ৩২ কিলোমিটার দূরে বাগডোগরায় সরিয়ে আনা হয়। অনুষ্ঠানস্থলের এই আকস্মিক রদবদল এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে মঞ্চেই উষ্মাপ্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, “জানি না প্রশাসনের কী হয়েছে!” এই ঘটনায় প্রোটোকল ভঙ্গের অভিযোগ তুলে নড়েচড়ে বসেছে দিল্লি।
২০২০ সালেও জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার তিন আইপিএস আধিকারিককে কেন্দ্রীয় ডেপুটেশনে চেয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। সেবারও রাজ্য ও কেন্দ্রের মধ্যে তীব্র সংঘাত শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত রাজ্য কোনও আধিকারিককে ছাড়েনি। নবান্ন সূত্রে খবর, এবারও সেই একই পথে হাঁটার সম্ভাবনা প্রবল। তবে কেন্দ্র-রাজ্যের এই আইনি ও প্রশাসনিক দড়ি টানাটানিতে আমলা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিকে এই বিতর্কের মাঝেই নতুন মাত্রা যোগ করেছে তৃণমূল সাংসদদের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি না পাওয়া। গত ৯ মার্চ ১২-১৫ জন সাংসদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে চিঠি দিলেও সময়ের অভাব দেখিয়ে রাষ্ট্রপতি ভবন তা প্রত্যাখ্যান করেছে বলে সূত্রের খবর। আদিবাসীদের জন্য রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতেই এই সাক্ষাতের আর্জি জানানো হয়েছিল।
ভারতীয় সাঁওতাল সমাজের দাবি, প্রশাসনের অসহযোগিতার কারণেই শেষ মুহূর্তে অনুষ্ঠানস্থল বদলাতে হয়েছে, যা রাষ্ট্রপতির মতো সাংবিধানিক প্রধানের সম্মানের পরিপন্থী। নিরাপত্তা ও প্রোটোকল নিয়ে পুলিশের এই ভূমিকা খতিয়ে দেখতেই দুই শীর্ষ আধিকারিককে তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।
