বাগডোগরার গোসাইপুরে আন্তর্জাতিক আদিবাসী সম্মেলনে যোগ দিলেন দ্রৌপদী মুর্মু
৬ই মার্চ,২০২৬ :- নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক:বিশেষ প্রতিবেদন ,শিলিগুড়ি: নবম আন্তর্জাতিক আদিবাসী সম্মেলনে যোগ দিতে বুধবার শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার গোসাইপুরে এলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতিকে উত্তরবঙ্গের মাটিতে স্বাগত জানাতে এদিন প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ছিল ব্যাপক তৎপরতা। এদিন সম্মেলনে যোগ দিয়ে রাষ্ট্রপতির উপস্থিতি অনুষ্ঠানকে এক অনন্য মাত্রা দান করে।
বাগডোগরার গোসাইপুরে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের আদিবাসী প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আদিবাসী জনজাতির কৃষ্টি, সংস্কৃতি ও অধিকার রক্ষা নিয়ে আলোচনার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিন রাষ্ট্রপতির পাশে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে গোসাইপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে বাড়ানো হয়।
সাংসদ রাজু বিস্ট রাষ্ট্রপতির এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতি পাহাড় ও সমতলের আদিবাসী মানুষের কাছে এক বড় প্রাপ্তি। তাঁর এই সফর উত্তরবঙ্গের জনজাতি গোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।
বিমানবন্দর থেকে গোসাইপুর যাওয়ার পথে রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতির এই ঝটিকা সফর শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্ববহ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ভালোবাসার টানাপোড়েনে শেষ এক তরতাজা প্রাণ!
অভিযুক্ত প্রেমিকের গ্রেপ্তারির দাবিতে উত্তাল ফুলবাড়ি
ফুলবাড়ি: শিলিগুড়ির উত্তরকন্যা সংলগ্ন বসুন্ধরা আবাসন এলাকায় এক যুবতীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ভালোবাসার সম্পর্কে টানাপোড়েনের জেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই তরুণী। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিকের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মৃতার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির মিলন পল্লির বাসিন্দা রাজ চৌধুরী নামে এক যুবকের সঙ্গে গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর। গত ২৬ ফেব্রুয়ারি হোলির দিন দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে তীব্র মনোমালিন্য হয়। অভিযোগ, রাজের সঙ্গে ঝগড়ার পর থেকেই মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। সেই অবসাদ থেকেই নিজের ঘরে আত্মহত্যার পথ বেছে নেন ওই যুবতী।
শুক্রবার ময়নাতদন্তের পর যুবতীর মৃতদেহ বসুন্ধরা আবাসন এলাকায় পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজ চৌধুরীর গ্রেফতারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতিবেশীরা। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহ সৎকারের ব্যবস্থা করে।
পরিবারের পক্ষ থেকে এনজেপি থানায় রাজ চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সবকটি দিক খতিয়ে দেখা হচ্ছে।
