শিলিগুড়ির নামী ব্যবসায়ীর ডেরায় জিএসটি গোয়েন্দারা!

কয়েকশো কোটির কারচুপি মামলার তদন্তে উদ্ধার গাদা গাদা নথি 

৬ই  মার্চ,২০২৬ :- নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক:বিশেষ প্রতিবেদন ,শিলিগুড়ি: সুপারি ব্যবসার আড়ালে কয়েক কোটি টাকার জিএসটি কারচুপির তদন্তে এবার শিলিগুড়িতে হানা দিল কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার সকাল থেকে শহর সংলগ্ন উত্তরায়ণ এবং সেবক রোড এলাকায় এক নামী ব্যবসায়ীর বাড়ি ও প্রতিষ্ঠানে তল্লাশি চালালো ডিরেক্টরেট জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্সির একটি বিশেষ টিম। এই হাই-প্রোফাইল অভিযানকে কেন্দ্র করে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত মাসের শুরুতে সুপারি ব্যবসার আড়ালে কয়েকশো কোটি টাকার জিএসটি ফাঁকির একটি বড়সড় চক্রের হদিশ মেলে। ওই ঘটনায় উত্তরপ্রদেশের মিরাট থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই শিলিগুড়ির এই প্রসিদ্ধ ব্যবসায়ীর নাম ও তাঁর যোগসূত্রের কথা জানতে পারেন গোয়েন্দারা। সেই সূত্র ধরেই এদিন শিলিগুড়িতে ঝটিকা অভিযানে নামে ডিউজিআই।
এদিন সকাল ৭টা নাগাদ কেন্দ্রীয় আধিকারিকদের টিমটি প্রথমে উত্তরায়ণে ওই ব্যবসায়ীর বাসভবনে পৌঁছায়। সেখান থেকেই টিমের অন্য একটি অংশ ব্যবসায়ীর সেবক রোডস্থিত সোনার দোকানে হানা দেয়। টানা ৭ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। সূত্রের খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল প্রমাণ বাজেয়াপ্ত করে নিয়ে গেছেন আধিকারিকরা। তবে এই অভিযানে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে তদন্তকারীদের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে জিএসটি ফাঁকির এই বড়সড় জাল ফাঁস হওয়ার ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী মহলের একাংশ। এই চক্রের শিকড় আরও গভীরে কি না, তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

            জমি বিবাদের চরম পরিণতি!

কিশনগঞ্জে ৪ জনের ওপর অ্যাসিড হামলা, শ্রীঘরে প্রতিবেশী দম্পতি
কিশনগঞ্জ: নেপাল সীমান্ত লাগোয়া কিশনগঞ্জের সুখানি থানা এলাকায় জমি নিয়ে বিবাদের জেরে মর্মান্তিক অ্যাসিড হামলার ঘটনা ঘটল। এই হামলায় ৪ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। শুক্রবার দুপুরে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ সুখানি সীমান্তের কাঁদোগাঁও গ্রামে দুই প্রতিবেশীর মধ্যে জমি নিয়ে প্রবল বচসা শুরু হয়। অভিযোগ, বিবাদ চলাকালীন হঠাৎই এক পক্ষ অপর পক্ষের ওপর গরম জলে অ্যাসিড মিশিয়ে হামলা চালায়। অ্যাসিডের তীব্রতায় ঝলসে যান ভেলু দাস, তাঁর ছেলে সুশান্ত দাস, মনোজ ঠাকুর এবং ভুলা সাহানী। আহতরা প্রত্যেকেই স্থানীয় কাদোগাঁও ও সুখানি গ্রামের বাসিন্দা। আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করে কিশনগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত ভেলু দাসের স্ত্রী পিংকি দেবী সুখানি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ১৫/২৬ নম্বর মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। এসডিপিও-২ মঙ্গলেশ সিংয়ের নেতৃত্বে শুক্রবার দুপুরে অভিযুক্ত দীপক সিং ও তাঁর স্ত্রী কোনী সিংকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলেশ বাবু জানান, ঘটনাস্থল থেকে অ্যাসিডের বোতলটি বাজেয়াপ্ত করা হয়েছে।
বর্তমানে কিশনগঞ্জ সদর হাসপাতালে আক্রান্ত চারজনের চিকিৎসা চলছে। পুলিশ এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। ধৃত দম্পতিকে শনিবার কিশনগঞ্জ আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। সীমান্তের গ্রামে এমন নৃশংস হামলার ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।