দিনহাটা ট্র্যাজেডিতে বড় ঘোষণা রাজ্যের

 মৃত ৫ শ্রমিকের পরিবারকে ২ লক্ষ টাকা ও চাকরির আশ্বাস মন্ত্রী উদয়নের

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, ঘটনাটি ইতিপূর্বেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই মৃত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা এবং পরিবারের একজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। মন্ত্রী বলেন, “এই ক্ষতি অপূরণীয়, তবে সরকার এই কঠিন সময়ে অসহায় পরিবারগুলির পাশে রয়েছে।

২রা মার্চ,২০২৬ :- নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক:বিশেষ প্রতিবেদন |দিনহাটা:

কোচবিহারের দিনহাটায় পাথর ভাঙার কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যুর ঘটনায় তৎপর হলো রাজ্য সরকার। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মৃতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রবিবার রাতে দিনহাটা মহকুমা হাসপাতালে পৌঁছে শোকাতুর পরিবারগুলির হাতে সাহায্যের আশ্বাস দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং জেলাশাসক রাজু মিশ্র।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, ঘটনাটি ইতিপূর্বেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই মৃত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা এবং পরিবারের একজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। মন্ত্রী বলেন, “এই ক্ষতি অপূরণীয়, তবে সরকার এই কঠিন সময়ে অসহায় পরিবারগুলির পাশে রয়েছে।”
রবিবার সন্ধ্যায় দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের গড়কুড়া এলাকায় ১১ হাজার ভোল্টের হাইটেনশন তারে ঢালাই মেশিন স্পর্শ করলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মৃত ৫ শ্রমিক হলেন— দিনহাটার বাইসগুড়ির মুকুল বর্মন, ওকরাবাড়ির রাজু সেন, বুড়িরহাটের মিঠুন পাল, বয়েজ ক্লাব সংলগ্ন এলাকার সুমন বর্মন এবং ভেটাগুড়ির সঞ্জয় বর্মন। এছাড়াও ৩ জন শ্রমিক বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। প্রশাসন জানিয়েছে, আহতদের উন্নত চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে।
পাথর ভাঙার কারখানার ওপর দিয়ে কেন এভাবে বিপজ্জনকভাবে ১১ হাজার ভোল্টের তার গিয়েছিল এবং সেই সময় কোনও সুপারভাইজার উপস্থিত ছিলেন কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। পুলিশ সুপার সন্দীপ কাররা জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ১১ হাজার ভোল্টের তারের নিচে এ ধরনের ভারী মেশিন সরিয়ে নেওয়ার সময় ন্যূনতম সুরক্ষা বিধি মানা হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় রাখা হয়েছে।