ওভারটেক করতে গিয়ে টোটোকে পিষল বেসরকারি বাস,
নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক, শিলিগুড়ি | ২২শে ফেব্রুয়ারি ২০২৬ :-শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীন ভক্তিনগর ট্রাফিক গার্ডের পারিজাত চৌক এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল। বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়ে একটি দ্রুতগতির বেসরকারি বাস সজোরে ধাক্কা মারে একটি ই-রিকশাকে (টোটো)। এই দুর্ঘটনায় টোটোর এক বৃদ্ধা যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং বাসের ধাক্কায় টোটোটি দুমড়ে-মুচড়ে গেছে।
টোটো চালকের বয়ান অনুযায়ী, তিনি সেবক মোড় থেকে যাত্রী নিয়ে শালুগাড়ার দিকে যাচ্ছিলেন। পারিজাত চৌক ট্রাফিক পয়েন্টের কাছে পৌঁছালে একটি বেসরকারি বাস পেছন থেকে অত্যন্ত দ্রুতগতিতে এসে ওভারটেক করার চেষ্টা করে। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি টোটোর একপাশে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় টোটোর একটি অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা প্রায় ৭০ বছর বয়সি এক বৃদ্ধা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরই স্থানীয় মানুষ ও ট্রাফিক পুলিশের সহায়তায় রক্তাত্ব অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে তাঁর আঘাত কতটা গুরুতর, সে বিষয়ে হাসপাতাল সূত্রে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।
অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পর বাসচালক এক মুহূর্তের জন্যও গাড়ি না থামিয়ে গতি বাড়িয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। টোটো চালক তৎক্ষণাৎ ট্রাফিক পুলিশকে বিষয়টি জানান। পুলিশ সূত্রে প্রথমে জানানো হয়েছিল যে, শালুগাড়া এলাকায় ঘাতক বাসটিকে আটকানো হয়েছে। কিন্তু টোটো চালক সেখানে পৌঁছে দেখেন বাসটি সেখানে নেই।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ড পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। বাসটিকে শনাক্ত করে চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। শহরের ব্যস্ত রাস্তায় বাসের এমন বেপরোয়া গতি নিয়ে আবারও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
