মহাবীরস্থানে পুরনো ভবনে ভয়াবহ আগুন:

 শর্ট সার্কিট থেকে আতঙ্ক, অল্পের জন্য রক্ষা

আগুন লাগার খবর ছড়াতেই আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা। দমকল আসার আগেই স্থানীয়রা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়। রবিবার হওয়ার কারণে মহাবীরস্থান এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল, ফলে ভিড় কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।

নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক, শিলিগুড়ি | ২২শে ফেব্রুয়ারি ২০২৬ :-শিলিগুড়ি: রবিবার ছুটির দিনে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল শিলিগুড়ির অন্যতম ব্যস্ত এলাকা মহাবীরস্থান। এদিন একটি পুরনো ভবনের বৈদ্যুতিক মিটার বক্স থেকে হঠাৎ আগুন লাগলে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তৎপরতা এবং দমকলের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পুরনো ভবনটিতে যেখানে একসঙ্গে অনেকগুলো ইলেকট্রিক মিটার বসানো ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা হঠাৎ মিটার বক্স থেকে আগুনের ফুলকি ও কালো ধোঁয়া বের হতে দেখেন। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।
আগুন লাগার খবর ছড়াতেই আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা। দমকল আসার আগেই স্থানীয়রা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়। রবিবার হওয়ার কারণে মহাবীরস্থান এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল, ফলে ভিড় কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে মহাবীরস্থানে পৌঁছান শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। এলাকার পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “মহাবীরস্থানের মতো ঘিঞ্জি এলাকায় দমকলের গাড়ি ঢুকতে গিয়ে চরম সমস্যায় পড়তে হয়। এছাড়া বহু পুরনো ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই, যা অত্যন্ত চিন্তার বিষয়।”
এই ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও, শহরের ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক এলাকার অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের একবার প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।