নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক, শিলিগুড়ি | ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ :-শিলিগুড়ি: ভরা ফাল্গুনে শিলিগুড়ি শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল। এবার চোরদের নিশানায় খোদ মন্দির। রবিবার ভোরে ৪৩ নম্বর ওয়ার্ডের ভানুনগর এলাকার একটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিগ্রহের সোনার গয়না ও মন্দিরের মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
এদিন ভোরে মন্দির কমিটির এক সদস্য প্রতিদিনের মতো মন্দিরের দ্বার খুলতে এসে দেখেন, গেটের তালা ভাঙা। তড়িঘড়ি ভেতরে ঢুকে তিনি দেখেন মন্দিরে রাখা মা কালীর মূর্তির কপালে থাকা সোনার টিপটি গায়েব। শুধু তাই নয়, মন্দিরের ভেতরে থাকা কাঁসার একাধিক বাসনপত্র এবং মূল্যবান সামগ্রীও দুষ্কৃতীরা নিয়ে পালিয়ে গিয়েছে।
সকালে চুরির খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা মন্দিরে ভিড় জমান। ঘনবসতিপূর্ণ এলাকায় এমন চুরির ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা মন্দির চত্বর এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেছেন।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় রাতের বেলা পুলিশের নজরদারি বাড়ানো প্রয়োজন। মন্দির কমিটির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং দ্রুত তাদের গ্রেফতার করা হবে।
দাদাগিরি ও সিন্ডিকেট রাজের অভিযোগ!
ফুলবাড়িতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সরব খোদ দলীয় কর্মীরাই
শিলিগুড়ি: শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের পোড়াঝাড় এলাকায় নিজের দলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন তৃণমূলের একাংশ। পঞ্চায়েত সদস্য রাজু মন্ডলের বিরুদ্ধে দোকান ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ তুলে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা রঞ্জনা বর্মনের অভিযোগ, এলাকায় রাজু মন্ডল অবৈধ বালি-পাথরের কারবার চালান। এই নিয়ে সামান্য কথা কাটাকাটি হতেই রাজু তাঁর দলবল নিয়ে এসে তাঁদের শাসানি দেন। অভিযোগ, এর কিছুক্ষণ পরেই ওই সদস্যের অনুগামীরা এসে তাঁদের দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। রঞ্জনাদেবী আক্ষেপের সুরে বলেন, “আমরাও তৃণমূল করি। কিন্তু রাজুর দাদাগিরি আর অবৈধ কাজ এখন সীমা ছাড়িয়ে গিয়েছে। আমরা এর বিচার চাই।”
রাজু মন্ডলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূলের এসসি-এসটি-ওবিসি সেলের ফুলবাড়ি-১ অঞ্চল সভাপতি তপন বর্মন। তাঁর অভিযোগ আরও বিস্ফোরক। তিনি বলেন, “রাজু মন্ডল ‘কেজিএফ গ্যাং’-এর সঙ্গে হাত মিলিয়ে সরকারি জমি কেনাবেচা করছে এবং এলাকায় বালি-পাথরের সিন্ডিকেট চালাচ্ছে। গত রাতে আমার ভাইয়ের দোকানটিও ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।” তপনবাবু জানান, বিষয়টি ইতিমধ্যে তাঁদের জেলা সভাপতি কৃষ্ণ দাসকে জানানো হয়েছে এবং রাজুর বিরুদ্ধে কড়া দলীয় ব্যবস্থার দাবি তোলা হয়েছে।
বিক্ষোভকারীরা অবিলম্বে রাজু মন্ডলকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এই ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। তবে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য রাজু মন্ডল পলাতক থাকায় এবং যোগাযোগ করতে না পারায় তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
