বিধানসভায় চরমে দুই মন্ত্রীপুত্রের লড়াই
নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক, কলকাতা: ,৬ই ফেব্রুয়ারি ২০২৬:- দুই নেতার বাবাই দীর্ঘদিনের দাপুটে জনপ্রতিনিধি ছিলেন। নিজেরাও বর্তমানে রাজ্যের প্রথম সারির রাজনীতিক একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, অন্যজন বিরোধী দলনেতা। কিন্তু শুক্রবার বিধানসভার অধিবেশনে সৌজন্যের সমস্ত সীমা ছাড়িয়ে পরস্পরের ‘বাবা’ তুলে ব্যক্তিগত আক্রমণে জড়ালেন উদয়ন গুহ ও শুভেন্দু অধিকারী। ‘মোদির ব্যাটা’ থেকে শুরু করে ‘বাবা চোর’— দুই নেতার বাদানুবাদে নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী থাকল বিধানসভা।
এদিন বাজেট বিতর্কের আলোচনায় বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। ওড়িশা সরকারের উন্নয়নের উদাহরণ টানার সময় মন্ত্রী উদয়ন গুহ টিপ্পনী কেটে বলেন, “ওরা তো বাঙালিদের মারছে। কিছু বলুন।” উদয়নের এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি বিধায়করা। পাল্টা আসরে নামেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী সরাসরি উদয়ন গুহকে লক্ষ্য করে বলেন, ‘আপনি তো আপনার বাবাকে চোর বলেছেন।’ এই মন্তব্যে তৃণমূল শিবির ফেটে পড়ে। হইহট্টগোলের মাঝে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বিতর্ক থামেনি।
স্পিকারের অনুমতি নিয়ে উদয়ন গুহ পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘আমার বাবা কমল গুহ সাতবার বিধায়ক ছিলেন, ১৯ বছর মন্ত্রী ছিলেন। বাবার কিছু রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা আমি করেছিলাম, কিন্তু শুভেন্দু প্রমাণ করে দিক আমি বাবাকে চোর বলেছি কি না।’ এরপরই তিনি শুভেন্দুকে ব্যক্তিগত আক্রমণ করে বলেন, ‘আপনি তো শিশিরবাবুর ছেলে। কিন্তু নিজেকে বলেন মোদীর ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?’
উদয়ন গুহর এই মন্তব্যের পর বিধানসভার অন্দরে পরিস্থিতি চরমে পৌঁছায়। দুই পক্ষের বিধায়করা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কড়া অবস্থান নেন। তিনি সাফ জানিয়ে দেন, এই বিতর্কে দুই নেতার করা কোনও মন্তব্যই বিধানসভার কার্যবিবরণী বা রেকর্ডে রাখা হবে না।
রাজনৈতিক মহলের মতে, কমল গুহ এবং শিশির অধিকারী দুজনেই বাংলার রাজনীতির প্রবীণ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। কিন্তু তাঁদের উত্তরসূরিরা যেভাবে সদনের ভেতরে একে অপরের পিতাকে টেনে কদর্য আক্রমণ চালালেন, তাকে ‘নজিরবিহীন’ এবং ‘দুর্ভাগ্যজনক’ বলেই মনে করছেন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানরা।
নেশার টাকার জন্য মাকে মারধর, শিলিগুড়িতে বাবার ধাক্কায় মৃত্যু ছেলের!
শিলিগুড়ি: নেশার টাকার জন্য অশান্তি এবং তার জেরে বাবার হাতে ছেলের মৃত্যু। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির নরেশ মোড় সংলগ্ন এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম নিমাই পাল (২৬)। এই ঘটনায় অভিযুক্ত বাবা নীলকান্ত পালকে গ্রেপ্তার করেছে আশিগড় ফাঁড়ির পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত নিমাই পাল দীর্ঘ দিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই বাড়িতে বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত সে। গতকাল সন্ধ্যায় নিমাই তার মায়ের কাছে নেশার জন্য টাকা চায়। মা টাকা দিতে অস্বীকার করলে নিমাই তাঁকে বেধড়ক মারধর শুরু করে।
স্ত্রীকে বাঁচাতে এবং ছেলেকে থামাতে ঘটনাস্থলে পৌঁছান বাবা নীলকান্ত পাল। বাবা ও ছেলের মধ্যে প্রবল হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে নীলকান্ত পালের সজোরে দেওয়া ধাক্কায় ছিটকে পড়ে নিমাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনায় অভিযুক্ত বাবা নীলকান্ত পালকে গ্রেপ্তার করা হয়েছে।
